ফাইল ছবি
২০১৬ সালে অভিষেকের পর থেকে নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছিলেন মোস্তাফিজুর রহমান। তারই ধারাবাহিকতায় এবার ৯.৫ কোটি রুপিতে বাংলাদেশি কাটার মাস্টারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু জানুয়ারিতে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই সেক্রেটারির নির্দেশে তাকে রিলিজ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
তবে মোস্তাফিজের আকস্মিক বিদায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দেয়ার মাস দুয়েক পর এ মন্তব্য করলেন তিনি।
ভারতের ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেয়া এক সাক্ষাৎকারে ধুমাল এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। ধুমাল বলেন, আমি কেবল এটাই বলব যে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিস্তারিত জানা নেই। তবে আমি বিশ্বাস করি সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।
আরও পড়ুন<<>>বিশ্বকাপ নিয়ে কী বার্তা দিলেন মেসি
ভারতীয় ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ক্রিকেটের দৈনন্দিন কাজে সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা নেই। সরকার ক্রিকেটের প্রতি সবসময়ই সহায়ক। তবে মাঝেমধ্যে পারিপার্শ্বিক ঘটনার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
গত জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নজিরবিহীন ফাটল দেখা দেয়, যার ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার পাশাপাশি তৎকালীন সরকারের সিদ্ধান্তে জাতীয় দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা নাকচ হয়ে যায়, যার চূড়ান্ত পরিণতিতে বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে পড়া বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।
কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই দাবি করে আসছিল যে, বিসিসিআই-এর সরাসরি নির্দেশনার কারণেই তারা তাদের এ দামী পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আইপিএল চেয়ারম্যানের এ নতুন বক্তব্য এখন দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































