ছবি : সংগৃহীত
ভাগ্যবিধাতা যেন আবারও মুখ ফিরিয়ে নিলেন আজ্জুরিদের থেকে। দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফেরার যে স্বপ্ন নিয়ে ইতালি জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে পা রেখেছিল, তা শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের ট্র্যাজেডিতে ধূলিসাৎ হয়ে গেল। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফলে ২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার)-এর পর ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সালের বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
বসনিয়ার মাঠে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি প্রথমার্ধের শেষ দিকে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে স্বাগতিকরা।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর আর বিশ্বকাপে ফিরতে পারেনি চারবারের এ বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য করে অসংখ্য সুযোগ পেয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। একের পর এক সেভ করে তাদের হতাশ করেন জানলুইজি দোন্নারুম্মা। শুরুতে পাওয়া লিড ধরে রাখতে না পারলেও, অনেকটা সময় একজন কম নিয়ে খেলে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় ইতালি। তবে সেখানে আর পেরে উঠল না তারা।
আরও পড়ুন<<>>হার দিয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব
টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়ার প্রথম চার শটে সবাই পান জালের দেখা।
ইতালি সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১৮ থেকে টানা তিন আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। এ তিনবারই প্লে অফে হেরেছে তারা। অন্যদিকে বসনিয়া বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে ২০১৪ সালে একবারই বিশ্বকাপে খেলেছিল দেশটি।
এদিকে ইউরোপের আরেক প্লে অফ ফাইনালে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময়ে ২-২ ছিল স্কোরলাইন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































