Apan Desh | আপন দেশ

মেসির পথে হাঁটছেন গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২৫ মার্চ ২০২৬

মেসির পথে হাঁটছেন গ্রিজম্যান

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে দীর্ঘ পথচলার পর নতুন গন্তব্য বেছে নিচ্ছেন অঁতোয়ান গ্রিজম্যান। তিনি যোগ দিচ্ছেন মেজর লিগ সকারে (এমএলএস)। মৌসুম শেষেই ছেড়ে দেবেন আতলেতিকো মাদ্রিদ। এরপর নাম লেখাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটিতে।

ফ্লোরিডাভিত্তিক এ ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ফরাসি ফরোয়ার্ড। চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এর আগে ২০২৩ সালে পিএসজি ছেড়ে এমএলএসে যোগ দেন লিওনেল মেসি। পরে লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার মতো তারকারাও এ লিগে পাড়ি জমান। এবার সে তালিকায় যুক্ত হলো গ্রিজম্যানের নাম।

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখান। এরপর ২০১৯ সালে পাড়ি জমান বার্সেলোনায়। তবে দুই বছর পর, ২০২১ সালে আবারও আতলেতিকোতে ফিরে আসেন।

নতুন অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বসিত গ্রিজম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, এ নতুন পথচলা শুরু করতে তিনি মুখিয়ে আছেন। ক্লাবের সঙ্গে প্রথম আলোচনাতেই তাদের উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে আকৃষ্ট করেছে। অরল্যান্ডোকে নিজের নতুন ঘর হিসেবে দেখার অপেক্ষায় আছেন তিনি।

আতলেতিকো মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গ্রিজম্যান। ক্লাবটির হয়ে ৪৮৮ ম্যাচে করেছেন ২১১ গোল। ২০১৮ সালে জিতেছেন ইউয়েফা ইউরোপা লিগ শিরোপা। তবে ২০২১ সালে লা লিগা জয়ের সময় তিনি দলে ছিলেন না। ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।

আরও পড়ুন <<>> টেলিভিশনে আজকের যত খেলা

তবে এখনই ক্লাব ছাড়ছেন না তিনি। সমর্থকদের উদ্দেশে বার্তায় জানিয়েছেন, এ ক্লাবই তার বাড়ি, সমর্থকরাই তার পরিবার। আরও কয়েক মাস এ জার্সিতে খেলতে চান তিনি। লক্ষ্য কোপা দেল রে জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া।

আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নিয়েছেন গ্রিজম্যান। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি এ সিদ্ধান্ত নেন। ফ্রান্সের জার্সিতে ১৩৭ ম্যাচে করেছেন ৪৪ গোল। জাতীয় দলের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২০-২১ মৌসুমে জিতেছেন ইউয়েফা নেশনস লিগ শিরোপা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়