ছবি: আপন দেশ
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো শুরু হওয়ার কথা ছিল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন নারী ক্রিকেটাররা। কিন্তু মাঠে গড়ানোর আগেই বিড়ম্বনায় পড়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তিন মাস পিছিয়ে দেয়া হয়েছে এ নারী বিপিএল। একইসঙ্গে নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল শুরু করে ১৪ এপ্রিল ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড। তবে এখন তারা সে ভাবনা থেকে সরে এসেছে। বিপিএল পিছিয়ে দেয়ার কারণ নিয়ে বিসিবি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পর, দলগুলোর প্রস্তুতির সময় দেয়া হবে। তাদের স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার আনা ও পরিকল্পনা সাজাতে সুবিধার জন্য টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিগুলো–ও তাদের প্রস্তুতির জন্য বিসিবির কাছে সময় চাওয়ার কথা জানা গেছে। এ ছাড়া বিপিএলের পরিবর্তিত এ সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপর নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
নতুন পরিকল্পনা অনুয়ায়ী, ডব্লিউবিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২১ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































