ইরানের অলিম্পিন প্রতিযোগী: ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরান। পাল্টা হামলায় জবাবও দিচ্ছে তারা। তবে এরইমধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়েছে দেশটি। আকাশ সীমাও পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে আগামী শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারছে না ইরান।
স্থানীয় সময় শুক্রবার (০৬ মার্চ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। ভেরোনায় গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মূলত ইরানের একমাত্র প্রতিযোগী, ২৩ বছর বয়সি ক্রস-কান্ট্রি স্কিয়ার আবুলফজল খাতিবি মিয়ানায়ি নিরাপত্তার অভাবে ইতালিতে ভ্রমণ করতে পারছেন না। আইপিসি সভাপতি অ্যান্ড্রু পার্সনস এ ঘটনাকে বিশ্ব ক্রীড়াঙ্গন এবং বিশেষ করে ওই অ্যাথলেটের জন্য অত্যন্ত হতাশাজনক ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন<<>>টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা
পার্সনস জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই আইপিসি এবং আয়োজক কমিটি ইরানি প্রতিনিধি দলকে নিরাপদে গেমসে নিয়ে আসার জন্য বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে সে প্রচেষ্টা সফল হয়নি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এর বিপরীতে তেহরানের পালটা হামলায় পুরো অঞ্চল সংকটে নিমজ্জিত। ইরানে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় সেদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়েছে।
আবুলফজল খাতিবি মিয়ানায়ি এর আগে ২০১৮ ও ২০২২ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষা আর কঠোর পরিশ্রমের পর পরিস্থিতির শিকার হয়ে গেমস থেকে ছিটকে পড়ায় আইপিসি সংশ্লিষ্ট অ্যাথলেটের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































