ছবি : সংগৃহীত
গাইবান্ধায় পর্নোগ্রাফি মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
কারাগারে পাঠানো আসামিরা হলেন সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ণ গ্রামের আলমগীর আকন্দের ছেলে মো. সালেহীন আকন্দ (২৪) এবং একই ইউনিয়নের চেয়ারম্যান ও বৈষ্ণবদা গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে মো. রবিউল ইসলাম (৪০)। এ মামলার অপর দুই আসামি শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দকে জামিন দিয়েছেন আদালত।
চার আসামি আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। অপর দুই আসামিকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় শিক্ষিকা ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং শিক্ষিকাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অভিযুক্তরা তৎপর হয়ে ওঠেন।
আরও পড়ুন<<>>জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
অভিযোগ অনুযায়ী, মামলার প্রথম আসামি সালেহীন আকন্দ শিক্ষিকার ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করেন। পরে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেয়। এতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের সহযোগিতা ও প্রচারের ভূমিকা ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
আদালতের আদেশের পর ভুক্তভোগী শিক্ষিকা বলেন, আমি একজন স্কুলশিক্ষিকা। আমার সম্মান ধূলিসাৎ করতেই তারা এমন কর্মকাণ্ডে জড়িয়েছে। আমাকে অনেক মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ায় ন্যায়বিচার পাওয়ার আশা আরও জোরালো হয়েছে। আমি কারও কাছে প্রতিশোধ চাই না, শুধু নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার বলেন, নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করছি। মামলাটি বিচারাধীন রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































