Apan Desh | আপন দেশ

ম্যাচ হেরে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ম্যাচ হেরে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

মিলার ও প্রিন্সি পারিখ। ছবি: সংগ্রহীত

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে প্রিন্সি পারিখ।

আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে স্বাগতিক ভারত। ম্যাচে ৩৫ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। তার ইনিংসে ভর করে প্রোটিয়ারা ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে ভারত নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৭৬ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায়।

ম্যাচ শেষে আহমেদাবাদ স্টেডিয়ামে মিলারের সঙ্গে একটি ভিডিও ধারণ করেন প্রিন্সি পারিখ। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ডেভিড মিলার! দুর্দান্ত একজন খেলোয়াড়। ভিডিওতে মিলারকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

ভিডিও প্রকাশের পরই শুরু হয় অনলাইন হয়রানি। পারিখ অভিযোগ করেন, রিলটি পোস্ট করার পর তিনি ধর্ষণের হুমকি ও শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্যের শিকার হন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন। তবে ভিডিওটি এখনও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

এদিকে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান ম্যাচে দক্ষিণ আফ্রিকার ধৈর্য ও প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দলের জয়ে ডেভিড মিলার ও দেওয়াল্ড ব্রেভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পাঠানের মতে, শুরুতে তিন উইকেট হারানোর পরও দক্ষিণ আফ্রিকা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার দাবিদার। তিনি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ–এর বোলিং স্পেলের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, বুমরাহ শুরুতে দুর্দান্ত বোলিং করলেও পরে অভিজ্ঞতার পরিচয় দেন মিলার। গুরুত্বপূর্ণ সময়ে তার অর্ধশতক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দলের বিপর্যয়ের মুহূর্তে ব্রেভিসের ৪৫ রানের ইনিংস এবং মিলারের সঙ্গে তার জুটি দক্ষিণ আফ্রিকাকে স্থিতি এনে দেয়। এ জুটিই শেষ পর্যন্ত ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়