ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্পের নামে ঘোষণা দেয়া সোনালি স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ এখনও বাজারে আসেনি। একাধিকবার সময় ঘোষণা করা হলেও বাস্তবে ফোনটির কোনো অস্তিত্ব দেখা যায়নি। ফলে ফোনটি আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই বাড়ছে সন্দেহ।
২০২৫ সালের জুনে প্রথম এ ফোনের ঘোষণা দেয়া হয়। তখন বলা হয়েছিল, আগস্ট–সেপ্টেম্বরের মধ্যেই ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো আপডেট মেলেনি। পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে সম্ভাব্য মুক্তির সময় বদলে লেখা হয়—‘চলতি বছরের শেষ দিকে’। তবে ২০২৬ সাল শুরু হওয়ার পরও সে একই তথ্যই ঝুলে আছে, কোন বছরের কথা বলা হচ্ছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন<<>>আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
বিতর্কের বড় জায়গা হলো, ফোনটি বাজারে না এলেও গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেয়া হয়েছে। অথচ এখনও কেউ ফোন পাননি, এমনকি নতুন কোনো নির্দিষ্ট তারিখও জানানো হয়নি।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইল কর্তৃপক্ষ উৎপাদন বিলম্বের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থার কথা উল্লেখ করেছিল। তখনই ইঙ্গিত মিলেছিল, নির্ধারিত সময়ের মধ্যে ফোন আসা কঠিন।
শুরুতে প্রতিষ্ঠানটি দাবি করেছিল, টি১ ফোন পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে। পরে সে দাবি থেকেও সরে আসে তারা। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় নানা জটিলতার কথাও সামনে এসেছে। পাশাপাশি ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক সেবা নিয়েও ব্যবহারকারীদের অভিযোগ রয়েছে।
আইডিসির বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো মনে করেন, শুরু থেকেই এ প্রকল্প নিয়ে সন্দেহ ছিল। তার মতে, স্মার্টফোন তৈরি বাস্তবে যতটা জটিল, তা হয়তো এখন বুঝতে পারছে সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এ ‘গোল্ডেন ফোন’ এখনও কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ। আদৌ এটি বাজারে আসবে কি না—সে প্রশ্নের উত্তর এখনও অজানা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































