Apan Desh | আপন দেশ

হজযাত্রীরা ফেরত পাচ্ছে ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

হজযাত্রীরা ফেরত পাচ্ছে ৩ কোটি টাকা

ফাইল ছবি

চলতি বছর হজ শেষে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ–১ ও প্যাকেজ–২ এর হজযাত্রীদের তিন কোটির বেশি টাকা ফেরত দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত বছরের মতো এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেয়া হবে না। গত দেড় বছরে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দফতরগুলোকে আরও সক্রিয় ও গতিশীল করার চেষ্টা করা হয়েছে।

ড. খালিদ হোসেন জানান, ২০২৫ সালের হজে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি মেডিকেল সার্ভিস কোম্পানির সঙ্গে হজযাত্রীপ্রতি দুই সৌদি রিয়াল হারে চুক্তি করা হয়েছিল। তবে ২০২৬ সালের হজে সফল আলোচনার মাধ্যমে এ সেবা দেশের সব হাজির জন্য বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে। এ কারণে হজ শেষে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ফেরত দেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, যৌক্তিক খরচে হজ পালনের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া প্রায় ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৪ সালে বিমানভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। ২০২৬ সালের হজে তা কমে দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা।

উপদেষ্টা বলেন, গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে।

এছাড়া ২০১৭-২০২৪ সাল পর্যন্ত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আইবিএনে পড়ে থাকা প্রায় ৩৮ কোটি টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দেয়া হয়েছে। তিনি জানান, গত বছর ও চলতি বছর হজ ব্যবস্থাপনায় সরকারি ব্যয়ে কাউকে নেয়া হয়নি। সৌদি প্রান্তে টিম সদস্য সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

আরও পড়ুন <<>> মন্ত্রণালয়ের অধীন প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন

এ বছর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে সীমিত আয়ের মানুষের জন্য ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার একটি সাশ্রয়ী প্যাকেজ চালু করা হয়েছে। প্যাকেজ–৩ এর ক্ষেত্রে হজযাত্রীপ্রতি সার্ভিস চার্জ প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে। হাজিদের আবাসন হারাম শরিফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এতে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে। মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। মামলা নিষ্পত্তি হলে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। পাশাপাশি বিভিন্ন গ্রেডে পদোন্নতি ও নতুন নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়