Apan Desh | আপন দেশ

আজও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ০৯:৩৭, ১৯ জুলাই ২০২৩

আজও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

রাজধানীতে আজ বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ এবং বিএনপিসহ সমমনা দল ও জোটের পদযাত্রা রয়েছে। এদিন আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। আর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

বেলা তিনটায় আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।

এদিকে সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। তার আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা। বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে বিএনপি।

এদিকে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বুধবারও রাজধানীতে কর্মসূচি পালন করবে বিএনপির সমমনা দল ও জোটগুলো। জাতীয় প্রেসক্লাব সামনে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। কমলাপুর স্টেডিয়াম থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে ১২–দলীয় জোট। কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে দুপুর ১২টায় পদযাত্রা করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি। কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে এলডিপি।

পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে লেবার পার্টি। বিকেল চারটায় শাহবাগ থেকে পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদ। এ ছাড়া পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

অন্যদিকে মঙ্গলবার ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। পদযাত্রাটি টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড়ে গিয়ে বিকেল ৪টায় শেষ হয়। এদিন বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয়া দলগুলোও পালন করে এই কর্মসূচি। এর মধ্যে ছিল, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়