Apan Desh | আপন দেশ

১২ জুলাই আন্দােলনের নতুন ঘোষণা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ৯ জুলাই ২০২৩

আপডেট: ১৯:৫৪, ৯ জুলাই ২০২৩

১২ জুলাই আন্দােলনের নতুন ঘোষণা

সিলেটে আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং বিরোধী দলগুলোর এখন একটাই দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবিতে আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে নতুন ঘোষণা দেয়া হবে।
 
তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। এই ঘোষণার পর সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

রোববার (৯ জুলাই) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে বিএনপি ও এই তিন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে সিলেট বিভাগের চার জেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

আরও পড়ুন <> তারেক-জোবাইদার মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায়  সমাবেশে  মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের এই সমাবেশের একটাই লক্ষ্য হওয়া উচিত। ৭১ সালে আমরা তরুণ ছিলাম, তখন আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। আজকে দেশকে মুক্ত করতে, গণতন্ত্রকে মুক্ত করতে তরুণদের লড়াই করতে হবে।

তিনি বলেন, এখন আমাদের ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, এই মামলা থেকে মুক্ত হয়ে শান্তির দেশ গড়ার জন্য আমাদের লড়তে হবে।

মির্জা ফখরুল বলেন, ১২ তারিখ (১২ জুলাই) ঢাকায় সমাবেশ হবে। এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন ঘোষণা আসবে। এই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে। মানুষ আর মানুষ, যুবক আর যুবকের সমাহার দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে। 

তিনি বলেন, জীবনবাজি রেখে আমরা এই লড়াইয়ে থাকবো। দেশকে রক্ষা করতে হলে দেশের আপামর জনসাধারণকে এই আন্দোলনে শরিক হতে আহবান জানান তিনি।  

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়