Apan Desh | আপন দেশ

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেয়ায় ব্যস্ত: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১৫, ১২ নভেম্বর ২০২৬

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেয়ায় ব্যস্ত: স্পিকার

ছবি: আপন দেশ

রাজনীতিবিদদের বড় অংশ জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা নেয়ায় বেশি ব্যস্ত থাকেন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আন্তরিকতা সব সময় থাকে না বলে মন্তব্য করেছেন  জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্পিকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যের শুরুতে দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেন স্পিকার। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সংসদীয় ককাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথাবলার রাজনীতির মহান কারিগর তার পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে তো কারা দুর্নীতি করে বোঝাই যায়।

দুর্নীতির বিরুদ্ধে ককাসের ভূমিকার বিষয়ে স্পিকার বলেন, দুর্নীতির বিরুদ্ধে এ ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম কমিটি যেটা করবেন, দুর্নীতির বিরুদ্ধে। স্পিকার করলেও সেটাও বলবেন। এক নম্বরে বলবেন স্পিকারের কথা, তারপরে চিফের কথা।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, রাজনীতি করার কোনো পরিকল্পনা তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার বাবা পাকিস্তান আমলে এমপি ছিলেন উল্লেখ করে জিয়াউর রহমান তাকে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেন। তবে তিনি রাজনীতি করতে চাননি। 

আরও পড়ুন<<>>জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে চাইলেন প্রধানমন্ত্রী

স্পিকার বলেন, রাজনীতি করব কোনোদিন চিন্তা করিনি। প্রেসিডেন্ট জিয়া আমাকে ডেকেছিলেন ১৯৭৮ সালে। আমাকে বললেন যে, তোমার বাবা এমপি ছিল পাকিস্তান আমলে, তুমি আমরা দল করতেছি এখান থেকে ইলেকশন করো।

এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আমি তাকে বলেছিলাম, স্যার, আমি কোনোদিন রাজনীতি করব না। আমার মাথায় ঢোকেনি। দেশের এত ক্ষমতাশালী রাষ্ট্রপতি বলছেন। আমার পরে দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি ডেকেছিলেন। তারা দুজন যোগ দিয়েছেন, দুজনকে তিনি মন্ত্রী বানিয়েছেন। আমি তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলাম সামরিক বাহিনীতে। আমার মাথায় ঢোকেনি যে, রাজনীতি করতে হবে। পরে যাই হোক, কপালে লিখন না যায় খণ্ডন, ঢুকেছি রাজনীতিতে।

রাজনীতির অঙ্গনে কাজ করাকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির অঙ্গন অনেক ডিফিকাল্ট। যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে বোঝা মুশকিল যে দেশ এইভাবে কেন চলে, কী হয় না হয়।

দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদদের দায়ী করে স্পিকার বলেন, আজকে যে আমরা একটা পশ্চাৎপদ যাত্রী, এত মানুষ সুবিধাবঞ্চিত- এর জন্য আমরা রাজনীতিবিদরা দায়ী। আর কেউ দায়ী নয়। আমলাদের দোষ দেয়া হয়, আমলারা তো আমাদের অধীনে।

তিনি বলেন, একসময় প্রশাসনিক কর্মকর্তারা রাজনীতিবিদদের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন। তবে আশির দশকের পর থেকে ধীরে ধীরে রাষ্ট্র ও সমাজ পরিচালনার চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতিই নন, গ্রামাঞ্চলের ছোটখাটো রাজনৈতিক দলের কর্মীরাও এখন অনেক ক্ষমতাশালী।

রাজনীতিবিদদের সম্পর্কে স্পিকার বলেন, গ্রামাঞ্চলে যারা ছোটখাট কর্মী রাজনৈতিক দলের, দে আর অলসো ভেরি পাওয়ারফুল। তারা অনেক কিছু করতে পারেন, অনেক মানুষের উপকার করতে পারেন, অনেক মানুষের ক্ষতি করতে পারেন। রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে।

রাজনীতিবিদদের আত্মকেন্দ্রিকতার সমালোচনা করে তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি, আমরা নির্বাচিত হওয়ার পর বা অন্য সুযোগ-সুবিধা পাওয়ার পর, এমনকি দলের পদ পেলেও নিজেরা কীভাবে সুবিধা নেব, এ কারণে খুবই ব্যস্ত থাকি। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের আগ্রহ, ঐকান্তিকতা সব সময় থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক।

তবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও মানুষের আত্মদানের পর দেশে একটি গণতান্ত্রিক সংসদ পাওয়া গেছে। একসময় দেশ নিয়ে হতাশা থাকলেও ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষের শক্তি নতুন করে উপলব্ধি করেছেন তিনি।

স্পিকার বলেন, সত্যি বলতে কি, দুই বছর আগেও আমরা সবাই হতাশ ছিলাম। আমি তো পুরোপুরি হতাশ ছিলাম। এ দেশ আর রাহুমুক্ত হতে পারবে না। কিন্তু আমি অবাক হয়েছি, বাংলাদেশের জনগণের অন্তর্নিহিত শক্তি, সাধারণ মানুষের পিপলস পাওয়ার কত শক্তিশালী, তা আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই ও আগস্টে।

তিনি আরও বলেন, তৎকালীন প্রতাপশালী রাজনৈতিক দলের নেত্রী-নেতারা মুহূর্তের মধ্যে পালিয়ে গেলেন। এটা জনগণের শক্তি। আমরা ক্রেডিট নিই, রাজনৈতিক দল সব সময় ক্রেডিট নেবে। কিন্তু সাধারণ মানুষ রাজপথে না নামলে এ মাফিয়াদের বিদায় করা যেত না। জনগণের এ শক্তিই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

সমাজের বিদ্যমান অসংগতিগুলোও একসময় দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তার ভাষায়, এখন সমাজে যেসব অসংগতি আছে, এসব অসংগতি কিছুই টিকবে না। কারণ, আমাদের জাতি জেগে উঠেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়