ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন করা হয়েছে।
এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু।
রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
আরও পড়ুন : নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩ আসনের মোহাম্মদ আইনুল হক, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ লুৎফর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-২ আসনের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংরক্ষিত মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ।
এদিকে, একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।
সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পর্যালোচনা, সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ এবং সরকারের কার্যক্রমে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে এসব স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































