Apan Desh | আপন দেশ

সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫৮, ১১ জুলাই ২০২৬

সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে: ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ

সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না সরকার।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সঙ্গে সমানতালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এ সংগ্রামী বীরদের অভিনন্দন জানাই।

সীমান্ত ইস্যুতে সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের মুখ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দও আসেনি। কার ভয়ে? কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহেরবানি করে অবস্থান নেবেন না। নিলে কী হয়, সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত।

তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্যে, সংস্কারের উদ্দেশ্যে গণভোট চেয়েছি। বাংলাদেশের একটা জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন—ভোট দেবেন দুটো, একটি আমার দলকে, আরেকটি গণভোটে ‘হ্যাঁ’। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা রক্ষা করেননি। 

আরও পড়ুন<<>>বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শফিকুর রহমান বলেন, আমাদেরকে বিভিন্নভাবে এ গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা—আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারব না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব। গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এক চুল পরিমাণও আমরা সরবো না। এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এ অঙ্গীকার ব্যক্ত করে গেলাম।

তিস্তা প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমীর বলেন, আমাদের দ্বিতীয় কথা, তিস্তা অঞ্চলের মানুষের দুঃখ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কোদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকার অনেক ভালো ভালো কথা বলছে। নির্বাচনের আগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছে। কিন্তু তিস্তা নিয়ে এ বাজেটে ১০ টাকারও কোনো বরাদ্দ নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই।

তিনি বলেন, এ সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থনে ভোটে নির্বাচিত হয়ে ১১ দলীয় সরকার গঠন করে সে দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায় ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়