Apan Desh | আপন দেশ

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৫৭, ২৬ আগস্ট ২০২৬

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা

ফাইল ছবি

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সে সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বৃহস্পতি ও শুক্রবার (২৭-২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে এই দু’দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন <<>> সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পাশাপাশি এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে রোববার ও সোমবার (৩০-৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে এ দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসময়ে ঢাকায় ৩৪ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ১৯, ফরিদপুর ও সিলেটে ১৩, পটুয়াখালীতে ১২, নোয়াখালীর মাইজদীকোর্টে ৯, বান্দরবানে ৮, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে ৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এ অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়