ছবি: আপন দেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন ষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলেও জানান তিনি।
শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের সঠিক তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন কাজ করছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের পর সরকার তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবে।
মন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যেই সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে ফলের উৎপাদন বেশি হয়, সেখানে সে ফলের উৎপাদন আরও বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে। যা দিয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন<<>>বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে জানিয়ে মন্ত্রী বরেন, সরকার সারা দেশে পর্যায়ক্রমে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। আগামীতে আরও প্রায় দুই হাজারের বেশি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
তিনি বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের উন্নয়ন, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
এর আগে মন্ত্রী বৃক্ষমেলা উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































