আশরাফুল ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে।
রোববার (০৮ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে শোকজের তথ্য নিশ্চিত করা হয়েছে, যা দলের কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, রোববার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে। অতএব এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ কারণ উল্লেখ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।
এর আগে সকালে আশরাফুল ইসলাম আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসে সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় তিনি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নির্বাচনে হেরে যাওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় আরও বেশি করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ও হুমকি প্রদান করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হওয়ার সমন জারি করেছেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন<<>> ‘বাসার ইট খুলতে যাবেন না, হাত-পা ভেঙে যেতে পারে’
সবশেষ ৫ মার্চ, আশরাফুল ইসলাম ফেসবুকে দেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে, যা মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতিসাধন করেছে। অভিযোগ অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রকাশ করেছেন, যা সভ্যতা ও শিষ্টাচারের পরিপন্থী এবং মানহানিকর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































