ফাইল ছবি
ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত বর্তমানে পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মোল্যা (২৮) নামের ওই যুবক হঠাৎ কোদাল হাতে এসে আশপাশের লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালান।
এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। তাদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন <<>>সীমান্তে বিপুল পরিমাণ ডলারসহ ভারতীয় নাগরিক আটক
স্থানীয়দের দাবি, অভিযুক্ত আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে হঠাৎ করে তিনি এমন হামলা চালালেন, তা এখনো পরিষ্কার নয়। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























