Apan Desh | আপন দেশ

‘বাসার ইট খুলতে যাবেন না, হাত-পা ভেঙে যেতে পারে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ৮ মার্চ ২০২৬

‘বাসার ইট খুলতে যাবেন না, হাত-পা ভেঙে যেতে পারে’

ছবি: আপন দেশ

দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন, তাদের এখন ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে। এক শ্রেণির ছেলেপেলে বলছে, বাসার ইট খুলে নিয়ে আসবে। ইট খুলতে যাবেন না, হাত-পা ভেঙে যেতে পারে। এমনই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এতে সংগঠনের অন্তবর্তীকালীন আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে, বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলোতো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই—আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।

তিনি বলেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সে সরকারকে কাজ করার সুযোগ দেয়া প্রয়োজন।

বিএনপির এ নেতা বলেন,  ১৮ বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—এ সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেয়া উচিত।

সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন <<>> জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহবান নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে একসময় যেমন ভূমিকা রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তেমনি ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশবাসীর উদ্দেশে আহবান জানিয়ে বলেন, যারা এ সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো- সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়