Apan Desh | আপন দেশ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৬, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৩৪, ২৬ এপ্রিল ২০২৬

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

ছবি : আপন দেশ

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম সারোয়ার মিলন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

রোববার (২৬ এপ্রিল) ভোর রাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

পপুলার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পরবর্তীতে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। 

রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন : আ.লীগ নেতার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়