গাজী আতাউর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদের ৮ নম্বর ধারায় স্পষ্ট করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা উল্লেখ আছে। এছাড়া সনদের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে সংশ্লিষ্ট সকলে শপথ নেবেন। বিএনপিসহ সব রাজনৈতিক দল এ সনদে স্বাক্ষর করেছিল। এ সনদের ওপর ভিত্তি করেই গণভোট হয়েছে, দেশের মানুষ তাতে পূর্ণ সমর্থন দিয়েছে।
বিবৃতিতে মাওলানা আতাউর বলেন, এখন পুরনো আইনী অজুহাত তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া মানেই হলো জুলাই গণঅভ্যুত্থানকে সরাসরি অবজ্ঞা করা। এটি জুলাই সনদে প্রাপ্ত জনরায়ের প্রতি চরম উপেক্ষা।
তিনি আরও বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশে বিএনপির কাছ থেকে এমন আচরণ কেউ আশা করেনি। গণতান্ত্রিক উত্তরণের শুরুতেই বিএনপি জনরায় উপেক্ষা করে একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করল।
গাজী আতাউর রহমান বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখিয়ে জনরায়কে অবজ্ঞা করার ফল কখনও ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার ভুল ব্যবহার দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































