অলিভার ট্রি। ছবি: সংগৃহীত
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় মার্কিন অল্ট-পপ সংগীতশিল্পী ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুন) ব্রাজিলের রিও ডি জেনেইরোর আকাশে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়।
ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার আকাশ থেকে দ্রুত নিচে পড়ে যাচ্ছে। পরে দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সামরিক ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
৩২ বছর বয়সী অলিভার ট্রি বিশ্ব সফরের অংশ হিসেবে ব্রাজিলে অবস্থান করছিলেন। চলতি মাসের ৬ জুন সাও পাওলোতে তার সর্বশেষ কনসার্ট হয়। আগামী ১ জুলাই পর্তুগালের লিসবনে তার পরবর্তী শো’র কথা ছিল। এছাড়া সেপ্টেম্বর মাসে গ্লাসগো, ম্যানচেস্টার ও লন্ডনেও তার একাধিক শো নির্ধারিত ছিল।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আর্জেন্টাইন কনটেন্ট ক্রিয়েটর গাসপার প্রিম দিয়াজ (গাসপি নামেই বেশি পরিচিত) ছিলেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। হেলিকপ্টারটির যাত্রী তালিকায় লুকাস ব্রিতো শাভেস, লুকাস ভিগনালে এবং পাইলট আলেক্সান্দ্রে সুজার নাম ছিল। অন্য হেলিকপ্টারটিতে পাইলট হিসেবে ছিলেন চার্লস মার্সিলাক।
আরও পড়ুন <<>> ছুরিকাঘাতে গ্র্যামিজয়ী গীতিকার নিহত
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন অলিভার ট্রি নিকেল। ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
নিজের স্বতন্ত্র বোল-কাট চুলের স্টাইলের জন্যও পরিচিত ছিলেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে লাইফ গোজ অন, মিস ইউ এবং এলিয়েন বয়।
সংগীতের পাশাপাশি অদ্ভুত ও ব্যতিক্রমী কাজের জন্যও পরিচিত ছিলেন অলিভার ট্রি। ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বড় কিক স্কুটার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তিনি। স্কুটারটির উচ্চতা ছিল প্রায় ১৬ ফুট এবং দৈর্ঘ্য ৩১ ফুটের বেশি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































