Apan Desh | আপন দেশ

লালন সাঁইয়ের মাজারে অনৈতিক কাজ চলে: আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ১০ জুন ২০২৬

আপডেট: ২১:০৮, ১০ জুন ২০২৬

লালন সাঁইয়ের মাজারে অনৈতিক কাজ চলে: আমীর হামজা

ছবি: আপন দেশ

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এমপি আমীর হামজা। এ বিষয়ে তিনি মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আমীর হামজা এ অভিযোগ করেন।

তিনি বলেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার এলাকায় ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এ অনুষ্ঠানের আড়ালে এবং প্রশাসনের পাহারায় সেখানে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চলে। তিনি এ মাজার এলাকাকে মাদকমুক্ত করার জন্য সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে জানতে চান। 

আরও পড়ুন<<>>জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু লালন মাজারই নয়, সরকার পুরো দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদক নির্মূলে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সামগ্রিক উন্নতির মাধ্যমেই একটি সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত ১৮ বছর ছিল দেশের ইতিহাসে একটি অন্ধকার যুগ। যেখানে দেশজুড়ে ব্যাপকহারে মাদক ছড়িয়ে পড়েছিল। সে সময় অনেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মন্ত্রী আরও বলেন বিগত সরকার দেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করে সমাজকে একটি অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছিল।

সংস্কৃতিমন্ত্রী জানান, বর্তমান সরকার সে অন্ধকার পরিস্থিতি কাটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ ধারার সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের পথে নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর। তরুণ প্রজন্মকে অন্ধকার যুগ থেকে বের করে এনে একটি আলোকিত সমাজ উপহার দেয়াই সরকারের মূল লক্ষ্য। লালন সাঁইয়ের মাজারকে ঘিরে এ বিতর্কের অবসান ঘটিয়ে কীভাবে সাংস্কৃতিক পবিত্রতা বজায় রাখা যায় এবং মাদক নির্মূলে প্রশাসনিক নজরদারি বাড়ানো যায়, তা নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়