Apan Desh | আপন দেশ

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৩, ১৫ জুন ২০২৬

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল

ছবি সংগৃহীত

হামলা পাল্টা হামলায় ব্যাপক প্রাণহাণীর পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে উভয় দেশের পক্ষে চুক্তি সম্পন্ন হবে। তার আগেই বিশ্বকাপ খেলতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। 

মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসেই চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান ফুটবল দল। স্থানীয় সময় রোববার (১৪ জুন) শহরে পা রাখার পর ইরানের কোচ আমির ঘালিনোই সাফ জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি নয়, কেবল ফুটবল নিয়ে কথা বলতে চান।
 
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন শুরুর আগেই ফিফা কর্মকর্তারা সাংবাদিকদের সতর্ক করে দিয়েছিলেন, যেন খেলোয়াড় এবং কোচকে কেবল খেলাধুলো সংক্রান্ত প্রশ্নই করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা, মার্কিন ভিসা প্রত্যাখ্যান এবং লস অ্যাঞ্জেলেসে ইরানি বিরোধী কর্মীদের পরিকল্পিত বিক্ষোভের আশঙ্কার কারণে মাঠের বাইরের রাজনীতিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি।

এবারের বিশ্বকাপে ‘টিম মেল্লি’র (ইরান ফুটবল দলের ডাকনাম) যাত্রাপথ মোটেও সহজ ছিল না। স্বাগতিক দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানকে তাদের ভূখণ্ডে বেস ক্যাম্প করার অনুমতি দেয়নি।

ফলে মেক্সিকোতে বেস ক্যাম্প করে সেখান থেকেই ভ্রমণের ধকল সামলে যুক্তরাষ্ট্রে এসে খেলতে হচ্ছে ইরানিদের। নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবারের (বাংলাদেশ সময় সকাল ৭টা) ম্যাচটি শেষেই তারা আবার মেক্সিকোতে ফিরে যাবে।

আরও পড়ুন<<>>তিউনিসিয়াকে উড়িয়ে সুইডেনের বিশ্বকাপ শুরু 

যুক্তরাষ্ট্রের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে হেড কোচ আমির ঘালিনোই বলেন, এ ধরনের আচরণ ফুটবলের মূল স্পিরিট বা চেতনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। আমরা জিতি বা হারি, এমন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্যিই কঠিন।

দলের তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি কোচের কথার প্রতিধ্বনি তুলে বলেন, বিশ্বকাপ নিয়ে মানুষের মনে যে আনন্দ ও শান্তি থাকে, এবার হয়তো সে সুন্দর অভিজ্ঞতা আমরা পাচ্ছি না। এ ধরনের রাজনৈতিক উত্তেজনা ফুটবলের আনন্দকে নষ্ট করে এবং ফিফার মূল বার্তাকে ক্ষুণ্ন করে।

অথচ মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ফর্মে রয়েছে ইরান। এশিয়ান কোয়ালিফায়ার্সের ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তারা। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও সে জয়ের ধারা বজায় রেখেছে দলটি। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার পর ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছিলেন, জীবন ও নিরাপত্তার স্বার্থে ইরানের এ বিশ্বকাপে আসা উচিত হবে না।  

অবশেষে সব বাধা পেরিয়ে মেক্সিকোতে অবস্থান করার শর্তে বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের বিক্ষোভের সম্ভাবনা থাকলেও কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন, তারা দেশে-বিদেশে থাকা সব ইরানির প্রতিনিধিত্ব করতে এসেছেন। তারেমি বলেন, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, আর ফুটবল সবসময় সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে পারে।  

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ 'জি'-এর মিশন শুরু করছে ইরান। এ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। সব বিতর্ক একপাশে রেখে তারেমি রসিকতা করে বলেন, সংবাদ সম্মেলনে কেউ ফুটবল নিয়ে কোনো প্রশ্নই করেনি! তবে নিউজিল্যান্ডের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে এবং আমরা একটি দারুণ ম্যাচের আশা করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়