ছবি : আপন দেশ
যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক প্রচেষ্টা ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ। বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি সুদৃঢ় হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতি এবং টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এ ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানায়।
আরও পড়ুন : যানজট নিরসন-ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক সভা
বাংলাদেশ আশা করে, এ চুক্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিকতা, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































