Apan Desh | আপন দেশ

‘দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ জুন ২০২৬

‘দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান’

ছবি : আপন দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেয়ার লক্ষ্য ছিল তার (জিয়াউর রহমান)। ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠত এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না।’

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শিরোনামের এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

দেশের স্বার্থে সবাইকে জিয়াউর রহমানকে স্মরণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ ও অবদান সম্পর্কে বিস্তারিত অবগত করতে হবে। এখনই সুযোগ এসেছে আবার জিয়াকে গভীরভাবে স্মরণ করার।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো তার কাছে অবহিত করা দরকার।’

আরও পড়ুন : সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন : অ্যাটর্নি জেনারেল 

একই সঙ্গে চাটুকারিতার সংস্কৃতি থেকে গণমাধ্যমকে টেনে তোলার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়