বিটিভি থেকে নেয়া ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে যথাসময়ে উপস্থিত হতে না পারায় বিএনপির অন্য সংসদ সদস্যরা আগেই শপথ নিয়ে নেন। পরে জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ইশরাক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে।
ওই সময় সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হতে পারেননি ইশরাক। পরে দুপুর ১২টার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য তিনি ‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নেননি। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই কক্ষ ত্যাগ করেন তিনি।
কেবল ইশরাক হোসেন নয়, বিএনপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তিনি ইশরাকের মতো সংসদ সদস্যের শপথের পরই শপথকক্ষ ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আগেই জানানো হয়েছিল, সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ হবে পরপর। তবে বিএনপি জানায়, তারা দ্বিতীয় শপথটি নেবে না।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































