তারেক রহমান
জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক দলগুলো ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে ৩১ দফার রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করেছিল। এ রূপরেখার আলোকেই পরবর্তীকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। তিনি উল্লেখ করেন, বিএনপি 'জুলাই সনদেও' স্বাক্ষর করেছে ও জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, নিরলস কাজের মাধ্যমে আমাদের সে প্রতিদান দিতে হবে।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল বের না করতে নির্দেশ দিয়েছিলেন বলে তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এ বিজয়কে শান্তভাবে, শান্তির সঙ্গে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
তারেক রহমান বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, সেজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ জয়ের অর্জনের পরও আমি সারাদেশে বিএনপি ও জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































