Apan Desh | আপন দেশ

দেড় বছরে এক কোটি যুবককে চাকরি দেবে বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দেড় বছরে এক কোটি যুবককে চাকরি দেবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতায় গেলে মাত্র দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।

ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।

এসময় তিনি চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়। 

বিগত দিনের নির্যাতন ও নির্বাচন প্রসঙ্গ আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমার নামে ১১৭টি মিথ্যা মামলা দেয়া হয়েছিল, সাড়ে তিন বছর জেল খেটেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। গত কয়েক বছরে আমাদের ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সে লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

বিএনপি মহাসচিব জানান, প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল ও কৃষি পণ্য নিশ্চিত করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার। 

এসময় এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দেন।

এ নির্বাচনি পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়