Apan Desh | আপন দেশ

ধানের শীষের ভোট চাওয়ার নামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের ভোট চাওয়ার নামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ফাইল ছবি

ঝিনাইদহে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার কথা বলে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে ডাকাত দল। অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির গৃহকর্তা বাড়িবাথান গ্রামের মৃত আব্দুল গনির ছেলে রওশন আলী বলেন, মঙ্গলবার রাতে ৫/৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত মোটরসাইকেলযোগে তার বাড়িতে আসে। এরপর ছদ্মবেশী ডাকাতরা ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নাম করে বাড়িতে প্রবেশ করে।

একপর্যায়ে অস্ত্রধারী ডাকাতরা তার বৃদ্ধ মা নাজমা খাতুন, স্ত্রী রিনা খাতুন, শিশুপুত্র আব্দুস সালাম ও আব্দুস নুরের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। পরে ডাকাতরা নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মোট ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় সার ব্যবসায়ী রওশন আলী বাড়িতে ছিলেন না। পরে রাতে তিনি বাড়িতে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

রওশন আলীর প্রতিবেশী কৃষক রবিউল ইসলাম জানান, ধানের শীষের ভোট চাওয়ার নাম করে ডাকাতরা বাড়িটিতে প্রবেশ করে। তবে ভোটের সময় এ অভিনব কায়দায় ডাকাতির ব্যাপারে গ্রামের সবাই চরম আতংকে রয়েছেন।

এদিকে গৃহকর্তা রওশন আলী ডাকাতির ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে পুলিশ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ব্যাপারটি পুলিশ খতিয়ে দেখছে। তবে তিনি দাবি করেন ভোট চাওয়ার নাম করে দুজন ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়