Apan Desh | আপন দেশ

জামায়াত আমীরের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমীরের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নারীদের বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আসছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে তাদের বক্তব্য ও তৎপরতা সে ধারাবাহিকতারই অংশ।

তিনি বলেন, জামায়াত আমীরের ওই স্ট্যাটাসে নারীদের প্রতি দলের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে কর্মজীবী নারীদের অবমাননাকর ভাষায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি দেশে ও বিদেশে সমালোচিত হলে তিনি আইডি হ্যাকের দাবি করেন। যদি সত্যিই অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেত। তার সে সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু ব্যাপক প্রতিবাদের পর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, যা সন্দেহ তৈরি করে।

আরও পড়ুন <<>> এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এর আগে গত বৃহস্পতিবার আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমীর মন্তব্য করেন, তাদের দল থেকে নারীরা কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় এক্সে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়। পরে আইডি হ্যাকের দাবি তোলা হলেও বর্তমানে মানুষ ইন্টারনেট ব্যবহার ও তথ্য যাচাইয়ে অনেক বেশি সচেতন। একটি ভেরিফায়েড আইডি হ্যাক হলে দ্রুত পুনরুদ্ধার সম্ভব। তাই এমন দাবি গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে—ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘রাজাকারের ঠিকানা এ বাংলায় হবে না’সহ নানা স্লোগান দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়