যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তাকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১২ মে) বিকেলে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না। এ ধরনের উদ্ভট চিন্তা করছে।’
তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো।’
আরও পড়ুন>> নির্বাচনের পর সংকট বেড়েছে: মির্জা ফখরুল
খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, কোন সেক্টরে খালেদা জিয়া যুদ্ধ করছিলেন যে, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা।
তিনি আরও বলেন, ‘দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি।’
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































