Apan Desh | আপন দেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরকারপ্রধান ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আনতালিয়ায় যাচ্ছেন। এই সম্মেলনে তিনি ভাষণ দেবেন।

ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি করে আনতালিয়ায় পৌঁছাবেন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়।

শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আরও পড়ুন <> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

উপ প্রেস সচিব শিপলু বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়া পৌঁছানোর পরদিন জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। 

এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান শুক্রবার দেশে ফিরবেন বলে জানান উপপ্রেস সচিব।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার (০৯ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বলেন, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। 

এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়