Apan Desh | আপন দেশ

ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫০, ২ নভেম্বর ২০২৬

ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চালকসহ উড়োজাহাজটির ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার বা ৯ মাইল।

স্থানীয় সময় রোববার (০১ নভেম্বর) এক্স-এ দেয়া এক পোস্টে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সব আরোহী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

ডাফি জানান, দুর্ঘটনা তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে সহায়তা করতে ঘটনাস্থলে যাচ্ছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর)  বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

লাইভএটিসি ডটনেট-এ সংরক্ষিত বিমানের ককপিটের শেষ মুহূর্তের রেকর্ড থেকে জানা যায়, বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগে পাইলট বরফ জমে যাওয়ার সমস্যাটিকে নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছিলেন। তবে এর কিছুক্ষণ পরই বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এর পরপরই আতঙ্কিত ক্রুদের বলতে শোনা যায়, আমরা মাটিতে পড়ে যাচ্ছি।

আরও পড়ুন<<>>এবার জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করা উড়োজাহাজটি ছিল জনপ্রিয় লিয়ারজেট ৬০ মডেলের। অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উড়োজাহাজটি একটি ব্যক্তিমালিকানাধীন জেট ছিল। তবে এর আরোহীদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার কিছু ভিডিও চিত্রে দেখা যায়, তীব্র গতি ও খাড়া কোণ বজায় রেখে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এর পরপরই একটি বিকট বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, ধ্বংসাবশেষ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পিচঢালা রাস্তার ওপর আগুন জ্বলছে, আশপাশে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের জানিয়েছেন, উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

ডিসান্টিস এ দুর্ঘটনাকে প্রলয়ংকরী উল্লেখ করে যোগ করেন, উড়োজাহাজটিকে ঠিক একটি ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে আসতে দেখা গেছে। রাস্তার পাশে এটি একটি বড় গর্তের সৃষ্টি করেছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়