Apan Desh | আপন দেশ

নিয়োগ পরীক্ষা স্থগিত করায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৪, ১০ অক্টোবর ২০২৬

নিয়োগ পরীক্ষা স্থগিত করায় সড়ক অবরোধ

ছবি : আপন দেশ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষার্থীরা রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিন ১১টার দিকে কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরুর ঠিক প্রাক্কালে হঠাৎ তা স্থগিতের নির্দেশনা আসে। এতে উপস্থিত হাজারও পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পড়েন। ভোগান্তির প্রতিবাদে রাজপথে নেমে আসেন।

এর প্রতিবাদে সকাল সোয়া ১১টার দিকে চাকরিপ্রার্থীরা প্রথমে ধানমন্ডির সাতমসজিদ সড়ক অবরোধ করেন। পরবর্তীতে সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় যানবাহন চলাচল থমকে দাঁড়ায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন <<>> মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির 

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, দূরের জেলাগুলো থেকে কষ্ট করে পরীক্ষা দিতে এসেছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অথচ কেন্দ্র চত্বরে প্রবেশের পর একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়, যা দায়িত্বহীনতার সামিল।

যুব উন্নয়ন অধিদফতরের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাজহারুল হক পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়