ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এ আসনের এমপি ছিলেন বিএনপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেরদৌসিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়ে দেয়া হয়েছে।
এরপর বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি মিষ্টি। তখনই আলোচনায় আসে যে তিনি পদত্যাগ করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্র নিয়ে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা এবং নগদ টাকা লুট করে। ভারী যন্ত্র বা এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। এরপর সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সাইনবোর্ড টাঙানো হয়।
১৯৭৪ সাল বা ১৯৭৬ সাল থেকে এ স্বাস্থ্যকেন্দ্রটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদান সেবা দিয়ে আসছে।
আরও পড়ুন>> দুর্বৃত্তপনায় এমপি পদ হারালেন বিএনপির মিষ্টি
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল তথ্য দেয়ার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় বিএনপি নেতা হানফ মিয়ার নাম মামলায় প্রধান আসামি করা হলেও এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও তদন্ত চলছে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্তে যার বিরুদ্ধেই প্রমাণ মিলবে, কাউকেই ছাড় দেয়া হবে না। এ ছাড়া ধ্বংসস্তূপের মধ্যেই সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। সংবিধান অনুসারে, জাতীয় সংসদের দলগুলো সরাসরি ভোটে নির্বাচিত এমপি সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।
বিএনপির মনোনয়নে এবারের ৩৬ জন সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী এমপিদের গেজেট হয়। আর ৩ মে তারা শপথ নেন। এ হিসেবে প্রায় পাঁচ মাসের মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































