Apan Desh | আপন দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ

ছবি: আপন দেশ

নিউইয়র্কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব। 

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে অধিবেশনে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

চলবে বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের চেষ্টা।

প্রতিবছর এ সময়টায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। ১৯৩ সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মুখরিত জাতিসংঘ সদরদফতর।

বরাবরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বপ্রথম ভাষণ দেবে ব্রাজিল। সংস্থার শুরুর দিকের অধিবেশনগুলোতে অনেক দেশ আগে বক্তব্য দিতে দ্বিধা করত। তখন ব্রাজিলই সবার আগে ভাষণ দিত। ধীরে ধীরে সেটিই রেওয়াজে পরিণত হয়। এরপর বক্তব্য দেয় আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিটি সাধারণ পরিষদের অধিবেশনের থাকে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য। এবারের প্রতিপাদ্য-‘বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা’।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো নানা বৈশ্বিক সংকট এবার গুরুত্ব পাবে বিশ্বনেতাদের বক্তব্যে। আলোচনা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নানা দিক নিয়েও। অগ্রাধিকারের তালিকায় বরাবরের মতোই থাকছে জলবায়ু পরিবর্তন।

এবারও অন্যতম প্রধান ইস্যু ফিলিস্তিন। ভিসা পাওয়ায় আরেকবার অধিবেশনে সশরীরে থাকছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভাষণ দেবেন ভিডিও কনফারেন্সে। তবে নিউইয়র্কে হাজির হয়েই ভাষণ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ফলে নতুন মহাসচিব কে হবেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশনে তা নিয়ে অনানুষ্ঠানিকও আলাপের সম্ভাবনা রয়েছে।

আলোচনায় আসতে পারে সুদানের সংঘাতও। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

অনেকের জন্য এবারের অধিবেশন হবে জীবনের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ। সেই তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বাংলাদেশের জন্য এবারের অধিবেশনে রয়েছে আরও একটি বিশেষ গুরুত্ব। প্রায় চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়