Apan Desh | আপন দেশ

বিমা‌নের টয়লেটে ১১ কো‌টি টাকার স্বর্ণবার

নিজস্ব প্রতি‌বেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:২০, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিমা‌নের টয়লেটে ১১ কো‌টি টাকার স্বর্ণবার

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। 

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

সিআইআইডি সূত্রে জানা গেছে, সোমবার (২১ সে‌প্টেম্বর) সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে শতাধিক স্বর্ণবার থাকার গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন।

প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টির বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এরপর প্রায় চার ঘণ্টা ধরে উড়োজাহাজটির বিভিন্ন স্থানে নিবিড় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলোর সন্ধান পান কর্মকর্তারা।

তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

কর্মকর্তারা বলছেন, উদ্ধার করা স্বর্ণ কোনো যাত্রীর ব্যাগেজ থেকে পাওয়া যায়নি। বরং উড়োজাহাজের টয়লেটের ভেতরে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। ফলে স্বর্ণগুলো কারা উড়োজাহাজে রেখেছে এবং বিমানবন্দর থেকে সেগুলো বাইরে নেয়ার পরিকল্পনায় কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, সেটিও তদন্তের আওতায় নেয়া হবে। একই সঙ্গে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও কোনো স্বর্ণবার বা চোরাচালানের পণ্য রয়েছে কি না, তা শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়