Apan Desh | আপন দেশ

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহবান চঞ্চলের

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহবান চঞ্চলের

ছবি: সংগৃহীত

আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তিনি শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের কেউই রিফাত চৌধুরীর সঙ্গে হাসপাতালে নেই। অর্থনৈতিকভাবেও সচ্ছল নন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মিডিসিন ইউনিট ৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন।

সরকারি সহযোগিতা নয়, মানুষ ভালোবেসে পাশে দাঁড়ালে তা গ্রহণ করবেন এ অভিনেতা। তার কথায়, আমার কাছে কোনো টাকা-পয়সা নেই। ডাক্তারকে একটা টাকাও দিতে পারি না। এর মধ্যে আমার চিকিৎসা চলছে মানুষের ভালোবাসায়। যদি মানুষ ভালোবেসে কিছু দিতে চায়, সেটা নেব। 

রিফাত চৌধুরীর এ পরিস্থিতির খবর জানতে পেরেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রবীণ কবি ও অভিনেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

চঞ্চল চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি- কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না!

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহবান জানিয় চঞ্চল চৌধুরী বলেন, যারা তাকে ব‍্যক্তিগতভাবে চেনেন অথবা যারা তার কবিতা বা অভিনয়ের ভক্ত বা সহকর্মী আছেন অথবা আমাদের টেলিভিশন বা সিনেমা মিডিয়ার যতগুলো সংগঠন আছে অথবা সরকারিভাবেও যদি উনার সুচিকিৎসার ব‍্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট সবার প্রতি আমার ব‍্যক্তিগত অনুরোধ বা আহবান।

আরও পড়ুন <<>> প্যারিস ফ্যাশন উইকে ফিরছেন ঐশ্বরিয়া

চঞ্চল চৌধুরী মনে করেন, রিফাত চৌধুরী একা নন। তার ভাষায়, আসুন আমাদের সাধ‍্যমতো তার পাশে দাঁড়াই। আমরা সবাই তার পাশে থাকলে, তিনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে! মানুষ মানুষের জন্য। মানবতার জয় হোক। সম্ভব হলে অন্তত পোস্টটি শেয়ার করে রিফাত ভাইয়ের পাশে থাকুন।

উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর রয়েছে দীর্ঘ পথচলা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়