ছবি: আপন দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের একটি কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারপোর্ট (এ-শিফট) দল অভিযান চালিয়ে এসব পেস্ট উদ্ধার করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় প্যাকেটগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>>ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা গবেষকদের
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খোলা হয়। সেখানে প্রাথমিকভাবে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে ওই পেস্ট থেকে স্বর্ণ পৃথক করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজও করা হচ্ছে।
প্রাথমিক হিসাবে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ দশমিক ৫ কোটি টাকা হতে পারে। তবে পরীক্ষণ ও পৃথকীকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা এবং প্রকৃত বাজারমূল্য নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসদৃশ পেস্টের প্রকৃত মালিকানা ও কীভাবে তা বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনদেশ/কেএম/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































