Apan Desh | আপন দেশ

বিল্লাল হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিল্লাল হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ছবি : আপন দেশ

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেছেন, হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহতের স্বজন এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মানববন্ধন থেকে বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে কোনোভাবেই বিষয়টি ধামাচাপা দেয়ার সুযোগ নেই। মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ নয়। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্টদের চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে গ্রেফতার ৫ শতাধিক

নিহতের স্বজনদের অভিযোগ, বিল্লাল হত্যার বিচার নিয়ে তারা উদ্বিগ্ন। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেফতার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

তাদের অভিযোগ, ‘সন্ত্রাসী বাবু’ নাম উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন।

মানববন্ধনে উপস্থিত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এ ছাড়া মানববন্ধনে নিহত বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়