ছবি : আপন দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
এসব স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা করার বিষয় প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস হাউস সূত্র।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































