Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ পরিস্থিতির ১৫ দিনের মধ্যে উন্নতি হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতির ১৫ দিনের মধ্যে উন্নতি হবে: প্রতিমন্ত্রী

ছবি : আপন দেশ

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (০২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ আশা প্রকাশ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে কষ্টে আছে। এ পরিস্থিতির জন্য সরকার শুধু কথার আড়ালে প্রকৃত সত্য লুকাতে চায় না। ভুল নীতির অনিবার্য পরিণতি এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। এ পরিমাণ বিদ্যুৎ শুধু গ্যাস দিয়ে উৎপাদন করতে হলে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। অথচ দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে বর্তমানে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

সব গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করলে শিল্প ও গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। তাই বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি- এ তিন খাতের মধ্যে ভারসাম্য রেখে গ্যাস সরবরাহ করতে হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। একই ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। এ দুটি বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ ক্ষমতায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> জনপ্রশাসন-স্বাস্থ্য-সংস্কৃতিতে নতুন সচিব

আদানির সঙ্গে বিগত সরকারের করা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও বর্তমানে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আমদানি করা এলএনজি সরবরাহের জন্য দেশে দুটি এফএসআরইউ রয়েছে। এর একটি গত ২১ জুলাই ত্রুটিগ্রস্ত হওয়ায় প্রায় ২১ থেকে ২২ দিন মেরামতে সময় লেগেছে। এর ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটে এবং এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে সরবরাহ ব্যবস্থার প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়