ফাইল ছবি, আপন দেশ
ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ কিনবে সরকার। এ ক্ষেত্রে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ (আট) টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ প্রণোদনার অংশ হিসেবে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ওই দর চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।
যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০.৫০ টাকা হারে মূল্য পাবেন।
প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে প্রেরণ করা হবে। কোনোক্রমেই তা নগদ প্রদান করা যাবে না। ২৮ ফেব্রুয়ারির পরে স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে না।
আরও পড়ুন<<>>সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
সৌরভিত্তিক সিস্টেম স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
বিদ্যুৎ বিভাগ কর্তৃক ইতিমধ্যে স্থাপিত ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে এ সংক্রান্ত নীতিগত সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহের আওতাধীন সকল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও এ সহায়তা মিলবে।
ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম একে অন্যায্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের কত মুনাফা দিতে হবে! তিনি বলেন, ডলারের মূল্যহার ১২৩ টাকা হলে ভারতে সৌরবিদ্যুতের মূল্যহার ৩.৮০ টাকা, পাকিস্তানে ৩.৯০ টাকা। বাংলাদেশে ব্যয়ের বড় অংশ লুণ্ঠনমূলক। অতীতের আইপিপির দর বিবেচনায় করা হয়েছে। অতীতে যখন হয়েছে সেটাই লুণ্ঠনমূলক, সেটি প্রকৃত বেঞ্চমার্ক হতে পারে না।
অন্যদিকে বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহ সারাদেশ একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা প্রদান করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































