ফাইল ছবি, আপন দেশ
চলতি সেপ্টেম্বর মাসে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। পাশাপাশি ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আভাস রয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।
এছাড়া সেপ্টেম্বর মাসে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আরও পড়ুন<<>>ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির শঙ্কা, নদীপথে সতর্কতা
বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক। অন্য বিভাগগুলোতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































