ছবি : সংগৃহীত
আজ ২৯ আগস্ট (শনিবার), আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস। পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কারণে মানবস্বাস্থ্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর যে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ে, সে বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর এ দিনে দিবসটি পালিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানবসভ্যতাকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। তবে বিজ্ঞানের শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহারের অন্যতম ভয়াবহ উদাহরণ পারমাণবিক অস্ত্র। সামরিক শক্তি বৃদ্ধি, আধিপত্য প্রতিষ্ঠা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কয়েক দশক ধরে বিভিন্ন দেশে চালানো হয়েছে অসংখ্য পারমাণবিক পরীক্ষা। এসব পরীক্ষার প্রভাব শুধু বিস্ফোরণের সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তেজস্ক্রিয়তা বহু বছর ধরে মানুষ ও প্রকৃতির ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে।
যেভাবে এলো আন্তর্জাতিক দিবস
২০০৯ সালের ০২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৬৪/৩৫ নম্বর প্রস্তাব গ্রহণ করা হয়। এর মাধ্যমে ২৯ আগস্টকে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
কাজাখস্তানের উদ্যোগে গৃহীত এ দিবসের মূল উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্র পরীক্ষার মানবিক ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারমাণবিক পরীক্ষা বন্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত জোরদার করা।
২৯ আগস্টের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস
দিবসটির তারিখের সঙ্গে রয়েছে পারমাণবিক পরীক্ষার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৪৯ সালের ২৯ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন কাজাখস্তানের সেমিপালাতিনস্ক পরীক্ষাকেন্দ্রে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
দীর্ঘ কয়েক দশক পর ১৯৯১ সালের একই দিনে কাজাখস্তান সেমিপালাতিনস্ক পারমাণবিক পরীক্ষাকেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। ফলে ২৯ আগস্ট একই সঙ্গে পারমাণবিক অস্ত্র পরীক্ষার সূচনা এবং সে বিপজ্জনক অধ্যায়ের অবসানের প্রতীক হয়ে ওঠে।
দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা
বিশ্বে প্রথম পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো হয় ১৯৪৫ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে। ‘ট্রিনিটি টেস্ট’ নামে পরিচিত ওই বিস্ফোরণের পর থেকেই বিশ্ব প্রবেশ করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নতুন যুগে।
পরবর্তী কয়েক দশকে পৃথিবীর বিভিন্ন স্থানে দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এ ধরনের পরীক্ষায় সবচেয়ে এগিয়ে ছিল। এর পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াও প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে একাধিক পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একবিংশ শতাব্দীতে প্রকাশ্য পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে দেশটির কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন<<>>ধর্মীয় সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস আজ
পারমাণবিক পরীক্ষার ভয়াবহ মানবিক মূল্য
পারমাণবিক বিস্ফোরণের সবচেয়ে বড় ক্ষতগুলোর একটি হলো তেজস্ক্রিয় বিকিরণ। বিস্ফোরণের তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ দীর্ঘ সময় পরিবেশে থেকে যেতে পারে। এর ফলে পরীক্ষাকেন্দ্রের আশপাশের জনগোষ্ঠী এবং পরবর্তী প্রজন্মও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে।
বিভিন্ন গবেষণায় তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদি সংস্পর্শের সঙ্গে ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি, প্রজননজনিত সমস্যা এবং জেনেটিক পরিবর্তনের সম্পর্ক তুলে ধরা হয়েছে। অনেক পরীক্ষাস্থলের আশপাশের জনগোষ্ঠী এখনো অতীত পারমাণবিক পরীক্ষার প্রভাব বহন করছে।
ক্ষতিগ্রস্ত পরিবেশ
পারমাণবিক পরীক্ষার প্রভাব শুধু মানুষের শরীরে সীমাবদ্ধ নয়। মাটি, পানি ও বায়ুতে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়তে পারে। এতে স্থানীয় বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু অঞ্চল দীর্ঘ সময়ের জন্য বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
কাজাখস্তানের সেমিপালাতিনস্ক, যুক্তরাষ্ট্রের নেভাদা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপ এবং মার্শাল দ্বীপপুঞ্জ পারমাণবিক পরীক্ষার দীর্ঘমেয়াদি প্রভাবের উল্লেখযোগ্য উদাহরণ।
পারমাণবিক পরীক্ষা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ
পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে ১৯৯৬ সালে গৃহীত হয় সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)। এর লক্ষ্য হলো পৃথিবীর যেকোনো স্থানে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা নিষিদ্ধ করা।
চুক্তিটি এখনো কার্যকর হয়নি। তবে এর মাধ্যমে পারমাণবিক পরীক্ষা বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নীতি ও মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) বিশ্বব্যাপী অত্যাধুনিক পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তুলেছে। এ ব্যবস্থা কোথাও পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তা শনাক্ত করতে সক্ষম।
২০২৬ সালে বিশেষ তাৎপর্য
এ বছর আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবসের গুরুত্ব আরও বেশি। ১৯৯৬ সালে CTBT স্বাক্ষরের জন্য উন্মুক্ত হওয়ার ৩০ বছর এবং ১৯৯১ সালে সেমিপালাতিনস্ক পরীক্ষাকেন্দ্র বন্ধ হওয়ার ৩৫ বছর পূর্তি হচ্ছে ২০২৬ সালে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, সামরিক প্রতিযোগিতা ও সংঘাতের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থান আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে পরীক্ষার ওপর বিদ্যমান স্থগিতাদেশ বজায় রাখা এবং CTBT কার্যকরের পথে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে আসছে।
নিরাপদ বিশ্বের প্রত্যাশা
পারমাণবিক অস্ত্রের একটি বিস্ফোরণের প্রভাব কোনো দেশের সীমান্তে থেমে থাকে না। তেজস্ক্রিয়তা পরিবেশের মাধ্যমে বিস্তৃত হতে পারে এবং এর ক্ষতিকর প্রভাব দীর্ঘ সময় ধরে চলতে পারে। তাই পারমাণবিক পরীক্ষা বন্ধের বিষয়টি শুধু সামরিক বা কূটনৈতিক ইস্যু নয়; এটি মানবস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত।
আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস সে বার্তাই সামনে আনে—নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্রের প্রতিযোগিতার পরিবর্তে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা, সংলাপ ও দায়িত্বশীলতার।
পারমাণবিক পরীক্ষার অবসান এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়েই পালিত হোক আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































