Apan Desh | আপন দেশ

‘মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৫৪, ২৭ আগস্ট ২০২৬

‘মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

ছবি : আপন দেশ

মক্কা প্যাক্টে (মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি) যোগ দেয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জাতির প্রয়োজনে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে এ নিয়ে অন্য কারও অস্বস্তিতে ভোগার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে, এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতও পাওয়া গেছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এ যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ সৌদি আরবের রিয়াদে ইসলামি সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রায় এক বছর আলোচনার পর মক্কায় চুক্তিটি সই হয়।

চুক্তির অন্যতম লক্ষ্য হলো, জোটভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসবে। এর মাধ্যমে তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে কাজে লাগানোর কথা বলা হয়েছে।

বাংলাদেশের এ জোটে যোগ দেয়ার আগ্রহের কথাও সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।

আরও পড়ুন: দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এ জোটে যুক্ত হলে বাংলাদেশের সামরিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সুযোগ তৈরি হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়