Apan Desh | আপন দেশ

প্রথমবার পূর্ণমন্ত্রী, মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

শওকত জামান, জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৫, ২২ আগস্ট ২০২৬

প্রথমবার পূর্ণমন্ত্রী, মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

ফাইল ছবি

দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলা। মাঠের রাজনীতি থেকে দলীয় সাংগঠনিক দায়িত্ব, সেখান থেকে সংসদ এবং অবশেষে সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী—এ যেন এক দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার পরিণত অধ্যায়। বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সে অভিযাত্রায় নতুন মাইলফলক ছুঁয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের সময় তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। দায়িত্ব পেয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। ছয় মাসের ব্যবধানে সে দায়িত্বের পরিধি বেড়ে এবার পূর্ণমন্ত্রীর আসনে তার অভিষেক।

মিল্লাতের রাজনীতিতে হাতেখড়ি প্রায় চার দশক আগে। ১৯৮৬ সালে তৎকালীন বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং পরবর্তী সময়ে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের হাত ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। এর আগে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার মধ্য দিয়ে ধীরে ধীরে তার রাজনৈতিক পরিসর বিস্তৃত হতে থাকে।

১৯৯১ সাল থেকে বিএনপির মূলধারার রাজনীতিতে তার উপস্থিতি আরও দৃশ্যমান হয়। দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, মাঠপর্যায়ের রাজনীতি এবং দলের প্রতি আনুগত্যের ধারাবাহিকতায় একসময় তিনি জামালপুরের গণ্ডি পেরিয়ে বিএনপির জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক আসে জামালপুর-১ আসনকে ঘিরে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে প্রথমবার সংসদে যান মিল্লাত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবারও বিজয়ী হন। দুইবারের নির্বাচিত এ এমপি এখন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। পাশাপাশি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। এর আগে ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি।

রাজনীতির বাইরে ব্যবসায়ও নিজের অবস্থান তৈরি করেছেন মিল্লাত। চার দশকের বেশি সময় ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত তিনি। সৌরভ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে নির্মাণ, প্রকৌশল, মৎস্য ও কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন<<>>বিমানমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত

শুধু রাজনীতি ও ব্যবসা নয়, সামাজিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও রয়েছে তার যোগাযোগ। তার জীবনীতে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য এবং রোটারি ইন্টারন্যাশনালের পল হ্যারিস ফেলো হিসেবে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং তুর্কি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও তিনি যুক্ত। নেতৃত্বের দক্ষতা বিকাশে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণেও অংশ নিয়েছেন তিনি। ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর মিল্লাত প্রয়াত নবাব আলী প্রধান ও প্রয়াত রোকেয়া বেগমের একমাত্র সন্তান।

ব্যক্তিজীবনে তিন সন্তানের জনক মিল্লাতের স্ত্রী সাবিরা সুরাইয়া। তবে পারিবারিক পরিচয়ের বাইরে তার পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে রাজনীতি। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, দলীয় দায়িত্ব, নির্বাচনী মাঠের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার পথ পেরিয়েই এবার তার মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে অভিষেক।

জামালপুরের বিএনপির রাজনীতির ইতিহাসেও তার এ উত্থান তাৎপর্যপূর্ণ। প্রতিমন্ত্রী থেকে মাত্র ছয় মাসের ব্যবধানে পূর্ণমন্ত্রী হওয়া শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় নয়; এটি জামালপুরের বিএনপির রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

তবে মন্ত্রিত্বের মর্যাদার সঙ্গে দায়িত্বও কম নয়। এখন তার সামনে একদিকে সরকারের অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করার চ্যালেঞ্জ, অন্যদিকে নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণের দায়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি কতটা সফল হন সেদিকেই এখন তাকিয়ে জামালপুরের মানুষ।

চার দশকের রাজনৈতিক পথের শেষে পূর্ণমন্ত্রীর শপথ মিল্লাতের ক্যারিয়ারে এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা। মাঠের রাজনীতি থেকে রাষ্ট্রের নীতিনির্ধারণের কেন্দ্রে উঠে আসা এ যাত্রায় সামনে এখন তার সবচেয়ে বড় পরীক্ষা প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে কাজের রাজনীতিতে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement