ছবি: আপন দেশ
সংসদ ভবন এলাকায় অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়া হয়।
এর আগে বিকেলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ পার্যায়ে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেয়।
মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে যান।
আরও পড়ুন<<>>সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
এর আগে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। এদিন সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে পুলিশ সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন।
দুপুরের পর শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এরপর তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।
মিছিলটি সায়েন্স ল্যাব থেকে স্লোগান দিতে দিতে সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। আসাদ গেট এলাকায় পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা সেটি অতিক্রম করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে পৌঁছে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































