ছবি : আপন দেশ
অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ বিদ্যুৎ বিভাগ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।
সোমবার (০৬ জুলাই) বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিরানা মাহরুখ বলেন, অভিযোগের প্রকৃত কারণ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে এবং তিনি সার্বক্ষণিক এটি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর অধিকাংশ অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে। অতিরিক্ত বিল আদায়, দায়িত্বে অবহেলা বা গ্রাহক হয়রানির সঙ্গে কেউ জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিদ্যুৎ সচিব বলেন, বিদ্যুৎ বিল বাড়ার প্রধান কারণ মিটারের ত্রুটি নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবে চলে যাওয়ার কারণে অনেকের বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলও পাওয়া গেছে। সেসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রতিকার দেয়া হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে কখনো কখনো সমস্যায় পড়তে হয়।
যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ
প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনঃ যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান বিদ্যুৎ সচিব।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































